

ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না। তবে চুক্তিসহ অন্যান্য কাজ ঠিক থাকলে আংশিক এলাকায় স্বল্প পরিসরে চালু হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
সোমবার (২০ জুলাই) বিকেলে বেবিচক কার্যালয়ের অডিটোরিয়ামে সাংবাদিকদের নিয়ে ‘সিভিল অ্যাভিয়েশন অ্যান্ড এয়ার ট্রাফিক অপারেশন’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বেবিচক চেয়ারম্যান আরও জানান, থার্ড টার্মিনালের নির্মাণ কাজ প্রায় শেষ। টার্মিনালটি নির্মাণের জন্য নেওয়া ঋণের কিস্তি দেওয়াও শুরু হয়ে গেছে। এই পরিস্থিতিতে আগামী ডিসেম্বর থেকে টার্মিনালটি চালু করতে চায় সরকার। কিন্তু টার্মিনালটি যারা চালাবেন, সেই জাপানিজ কোম্পানিগুলোর জোট বা কনসোর্টিয়ামের সঙ্গে সরকারের মন্ত্রী পর্যায়ে কয়েকদফা বৈঠকের পরেও চুক্তি সম্পন্ন হয়নি।
তবে আগামী আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানালেন বেবিচক চেয়ারম্যান।

