

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে ওঠার আগে এক নারীর ব্যাগ থেকে ৯ হাজার ৮২৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁকে আটক করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার (২১ জুন) নভোএয়ারের ঢাকা-গামী ফ্লাইট (ভিকিউ-৯২২)-এর এক নারী যাত্রী বোর্ডিং পাস সংগ্রহের পর হোল্ড লাগেজ স্ক্যানিংয়ের জন্য যান। স্ক্যানিংয়ের সময় তাঁর বহন করা একটি ল্যাপটপ ব্যাগ সন্দেহজনক মনে হলে সেটি তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে ব্যাগটির দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবা পাওয়া যায়। পরে সেখান থেকে মোট ৯ হাজার ৮২৫টি ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই ওই নারীকে আটক করা হয়। আটক নারীর নাম জেসমিন আক্তার। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার চাঁদপুর শ্বেতছড়া গ্রামে। তিনি মৃত হারুন মিয়া ও মৃত শাহেনা আক্তারের মেয়ে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবাসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

