ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২২
প্রকাশিত : জুন ১৮, ২০২৬
আপডেট: জুন ১৮, ২০২৬
প্রকাশিত : জুন ১৮, ২০২৬

ফেসবুকে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে ফেসবুকে প্রেমের সূত্র ধরে ওমান প্রবাসী এক যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন নীলফামারী জেলার ২২ বছর বয়সী এক তরুণী। ১৬ জুন রাত ১১টা থেকে ওই তরুণী ওই যুবকের বাড়িতে অবস্থান করছেন। এদিকে ঘরে তালা লাগিয়ে অন্যত্র চলে গেছেন ওই যুবক ও তার পরিবারের সদস্যরা।

উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের আবদুল আজিজ সারেং বাড়িতে এ ঘটনা ঘটেছে। তরুণীকে পাহারা দিচ্ছেন ৭নং ওয়ার্ডের গ্রাম পুলিশ রাকিব নামের এক যুবক। পুলিশ বলছে, তাকে সরানোর জন্য ঘটনাস্থলে পুলিশ গেলে সে বিয়ে ছাড়া ওই বাড়ি ত্যাগ করবেন না বলেছে।

এদিকে ওই তরুণীকে হ্যানি ট্র্যাপের সদস্য, দুশ্চিরিত্রা ও প্রতারক আখ্যা দিয়ে সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাযের করেছেন ওই যুবকের মা নারগিস আক্তার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উৎসুক জনতাও ভিড় জমাচ্ছেন ওই বাড়িতে।

ওই যুবকের আত্মীয় জাহাঙ্গীর আলম জানান, সোনাগাজী মডেল থানার তোহুর নামে এক এসআইয়ের ইন্ধনে ওই তরুণী ওই যুবকের বাড়ি ছাড়ছেননা। ওই যুবকের নাম আরিফ হোসেন। সে ফেনী জেলার সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের আবদুল আজিজ সারেং বাড়ির সাহাব উদ্দিনের ছেলে। তরুণীর নাম মোসাম্মৎ ফেরদৌসী আক্তার (২২)। সে নীলফামারী জেলার সৈয়দপুর থানার ৭নং ওয়ার্ডের মশরত ধলিয়া সর্দার পাড়ার মো. কালার কন্যা।

পুলিশ, এলাকাবাসী, তরুণী ও ভুক্তভোগী পরিবার জানায়, আরিফ হোসেন তিন বছর পূর্বে জীবীকার তাগিদে ওমান যান। গত এক বছর পূর্বে ফেসবুকের মেসেঞ্জারে ওই তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। সে থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক মাস পূর্বে আরিফ দুই মাসের ছুটিতে দেশের বাড়িতে আসেন। আরিফ দেশে আসার খবর শুনে ওই তরুণী গত ১৫ দিন পূর্বে তার সঙ্গে দেখা করতে ফেনীর মহিপালে আসেন। তরুণীকে সরাসরি দেখার পর ওই যুবকের পছন্দ না হওয়ায় তাকে বুঝিয়ে তার পিতার বাড়িতে সৈয়দপুর দিয়ে আসেন ওই যুবক। সেখান থেকে নিজের বাড়িতে ফিরে আরিফ তার ফেসবুক আইডি ও মুঠোফোন বন্ধ করে ওই তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

ওই তরুণী ওই যুবকের বন্ধু শিবলু নামে এক যুবকের কাছ থেকে বাড়ির ঠিকানা সংগ্রহ করে প্রেমিক আরিফের বাড়িতে ওঠেন। ওই তরুণী তার ঘরে ঢুকতে চাইলে আরিফসহ তার পরিবারের সদস্যরা ঘরের দরজায় তালা লাগিয়ে অন্যত্র চলে যান। ওই যুবকের পরিবারের পক্ষ থেকে রাতেই পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে সোনাগাজী মডেল থানার এসআই তোহুর আহমদের নেতৃত্বে পুলিশদল ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে যুবকের পরিবারের কোন সদস্যকে না পেলেও তিনি তরুণীর বক্তব্যেের ভিডিও ধারণ করে ফের থানায় চলে যান। তিনি মৌখিকভাবে পাহারা দেওয়ার জন্য স্থানীয় গ্রাম পুলিশ রাকিবকে নির্দেশ দেন।

এদিকে তরুণীর কারণে যুবকের পরিবারের সদস্যরা ঘরে ঢুকতে পারছেন না বলে দাবি তাকে হ্যানি ট্র্যাপের সদস্য, দুশ্চরিত্রা ও প্রতারক আখ্যা দিয়ে ১৭ জুন বুধবার রাতে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই যুবকের মা নারগিস আক্তার।

ওই তরুণী জানান, বিয়ের কথা বলে ওই যুবক তার সঙ্গে প্রেমের সম্পর্কে গড়েছে। কিন্তু সে আমাকে দেখার পর থেকে বিয়ে না করার জন্য নানা টালবাহনা করছেন। আমি তার বাড়িতে আসার পর ঘরের দরজায় তালা লাগিয়ে সে তার পিতা-মাতাকে নিয়ে অন্যত্র চলে গেছে। সে আমাকে বিয়ে করা ছাড়া আমি তার বাড়ি ছাড়বোনা।

ওই যুবকের মা নারগিস আক্তার বলেন, আমরা দরিদ্র পরিবারের লোক। ধারদেনা করে প্রায় তিন লাখ টাকা খরচ করে আমার ছেলেকে ওমান পাঠিয়েছি। এখনও কর্জ পরিশোধ করতে পারিনি। ওই তরুণী একজন হ্যানি ট্র্যাপের সদস্য। ফেসবুকে এক সুন্দরী নারীর ছবি দিয়ে আইডি খুলে আমার ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এখন সে বিয়ের স্বপ্ন দেখছেন। আমার স্বামী মতিগঞ্জ আরএম হাট উচ্চ বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রি করে কোন রকম সংসার চালায়। ভাঙা ঘরে দিনযাপন করছি। ছেলেকে বিদেশে পাঠানোর কর্জও পরিশোধ করতে পারিনি। তাকে বিয়ে করানো আমাদের পক্ষে সম্ভব নয়। আমার ছেলে যদি প্রেম করে কোন অপরাধ করে থাকে, তাহলে সে আমার ছেলের বিরুদ্ধে মামলা করুক। আইনগত ব্যবস্থা নিক। আমিও আইনগত প্রতিকার পেতে থানায় লিখিত আবেদন করেছি।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ১৬ জুন রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কিন্তু ওভ তরুণী বিয়ে ছাড়া ঘটনাস্থল ছাড়বেননা বলে জানিয়েছেন।

ওই যুবকের ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram