

সংশোধিত বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য বরাদ্দ করা না হলে লাগাতার ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তিস্তা বাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।
বুধবার (১৭ জুন) রাতে রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে আয়োজিত মশাল প্রজ্বালন কর্মসূচিতে অংশ নিয়ে পরিষদের নেতারা এ ঘোষণা দেন।
এর আগে, তিস্তা সেতুর উত্তর প্রান্তে সমাবেশের আয়োজন করে সংগঠনটি। পরে মশাল মিছিল নিয়ে সেতুর এক প্রান্ত হয়ে আর এক প্রান্তে যায় অংশগ্রহণকারীরা।
এ সময় নেতারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। এছাড়া, মহা পরিকল্পনার ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা না এলে রংপুর বিভাগ থেকে খাদ্যশস্য পাঠানো বন্ধ করে দেয়া হবে। বিভাগব্যাপী ব্লকেড কর্মসূচির মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা আদায় করবে অববাহিকার মানুষ।
দাবি আদায়ে আগামী ১ জুলাই তিস্তার দুই তীরে গণঅবস্থান কর্মসূচি ও ঘোষণা করা হয়।

