

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে রহিমা বেগম (৮৫) নামের এক মা মারা যাওয়ার অভিযোগ উঠেছে। গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অভিযুক্ত ছেলে নুরুল গাজী পালিয়ে গেছে।
বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৮টার দিকে সদর উপজেলার আড়পাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রহিমা বেগম সম্প্রতি তার ভাইকে এক কাঁঠা জমি দান করে দেন। এই জমি দান করাকে কেন্দ্র করে রহিমা বেগমের ছেলে নুরুল গাজীর সাথে তার মামা ও মামাতো ভাইদের সাথে বিরোধ সৃষ্টি হয়। এই বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বুধবার রাতে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বৃদ্ধা রহিমা বেগম ঝগড়া থামাতে এবং বিষয়টি মীমাংসা করতে এগিয়ে যান। কথা-কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত ছেলে নুরুল গাজী তার বৃদ্ধা মাকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক ডা. জিলানী জানান, হাসপাতালে আনার পূর্বেই ওই নারীর মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি তাৎক্ষনিক পুলিশকে অবগত করি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ আরও স্পষ্টভাবে জানা যাবে বলে তিনি মন্তব্য করেন।
গোপালগঞ্জ থানার ওসি মোঃ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এমনটি ঘটেছে বলে তারা জেনেছেন। লাশের ময়না তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

