

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোজাম্মেল হোসেন (১৬) ও ইয়ানুর (১৭) নামের ১০ম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল (৪ এপ্রিল) সখীপুর-গোড়াই সড়কের হাতিবান্ধা ইউনিয়নের তক্তারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত মাহির হাসান (১৭) ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। নিহত মোজাম্মেল হাতিবান্ধা উত্তরপাড়া এলাকার বাদশা মিয়া ছেলে এবং ইয়ানুর ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শিউলি বেগমের ছেলে। নিহত দুজনেই স্থানীয় খোশবাহার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (৪ এপ্রিল) সন্ধ্যায় তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে তক্তারচালা বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেল হোসেনের মৃত্যু হয়। এসময় ইয়ানুর ও মাহির হাসান গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় ওই দুইজনকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার উত্তরা এলাকায় পৌঁছলে ইয়ানুরের মৃত্যু হয়। রবিবার (৫ এপ্রিল) সকালে নিহতদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
টাঙ্গাইল-০৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান নিহত পরিবারের প্রতি ভিডিও কলে সমবেদনা জানিয়েছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হেলাল উদ্দিন পি.পি.এম দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক পিকআপটিকে আটকের চেষ্টা চলছে।

