

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আমবাগিচা এলাকায় একটি গ্যাসলাইট তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার দুপুরে গ্যাস লাইটার ফ্যাক্টরিতে আগুন লাগার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ঘন ধোঁয়ায় চারপাশ ঢেকে যায় এবং স্থানীয়রা ছুটোছুটি শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কারখানার ভেতরে বিকট শব্দ শোনা যায়। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়। ধারণা করা হচ্ছে, কারখানায় থাকা দাহ্য গ্যাস বা কেমিক্যাল থেকে বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশে গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা এখন পর্যন্ত পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, তবে কীভাবে আগুন লেগেছে এবং এ ঘটনায় হতাহতের সঠিক কারণ ও সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, হতাহতদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

