

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে হাম রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। জেলা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে ভর্তি থাকা শিশুদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছে। তবে, আজ শুক্রবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মাসুদা খাতুন (২৪ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত মাসুদা খাতুন সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুরের মেয়ে।
২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সুপার ডাঃ মশিউর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে ২৪ জন। তবে এ সময়ের মধ্যে নতুন করে আরও ১২ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ৪৬ জন হাম আক্রান্ত শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ১৯ জন ছেলে ও ২৭ জন মেয়ে। এর আগের দিন বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি ছিল ৫৮ জন হাম রোগী। তারা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে চিকিৎসা নিচ্ছে। গত তিন মাসে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে মোট ৩৪৯ জন হাম রোগী এবং মৃত্যু হয়েছে ৬ জনের।
২৫০ শয্যা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ বলেন, ‘গত কয়েকদিনে অবস্থার উন্নতি হচ্ছে।’
হাসপাতাল সূত্রে জানা যায়, এর আগে গত বৃহস্পতিবার হাসপাতালে হাম রোগের লক্ষণ নিয়ে ভর্তি থাকা ২৩ জন রোগী ছাড়পত্র নেয় ও নতুন করে ভর্তি হয় ১৭ জন। বুধবার হাসপাতাল থেকে ছাড়পত্র নেয় ৩৫ জন এবং নতুন রোগী ভর্তি হয় ২৭ জন।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাস থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে হাম রোগীর সংখ্যা হচ্ছে ৩৪৯ জন।

