

গাজী মমিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে মো. আলাউদ্দিন রিয়াজ (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) রাতে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ফনিশাইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ ওই গ্রামের হারুন গাজীর ছেলে। খবর পেয়ে সোমবার (৩০ মার্চ) সকালে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আব্বাছ শেখ মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, মো. আলাউদ্দিন রিয়াজ নিজে কাজ নিয়ে বৈদ্যুতিক কাজ ও পাইপ ফিল্টারের কাজ করতেন। সম্প্রতি তিনি সঙ্গ দোষে মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন। মাদকের সঙ্গে জড়িয়ে পড়ায় পরিবারের সদস্যরা বিভিন্ন সময় তাঁকে বকাঝকা করতেন। প্রতিদিনের মতো সন্ধ্যায় তিনি বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে বসতবাড়ির উত্তর-পশ্চিম পাশের একটি বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পুলিশকে খবর দিলে উপপরিদর্শক হেলাল উদ্দিন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে বিধি মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

