

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে এক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অভিযোগ উঠেছে, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট শেয়ার করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ)-এর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুস। এ ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশে বলা হয়, মুহাম্মদ ইউনুস তাঁর ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকসহ অন্যান্য প্ল্যাটফর্ম) ব্যবহার করে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট করেছেন বলে প্রতীয়মান হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, একজন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা হিসেবে এ ধরনের উস্কানিমূলক বা আপত্তিকর রাজনৈতিক কর্মকাণ্ড প্রতিষ্ঠানের আচরণবিধি ও শৃঙ্খলার পরিপন্থি এবং এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। পরিস্থিতি বিবেচনায় তাঁকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে।
একই সঙ্গে, কেন তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না—এ মর্মে আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা রেজিস্ট্রারের দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাজিদুল হক বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁর লিখিত জবাব পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

