ঢাকা
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:১১
প্রকাশিত : মার্চ ১৬, ২০২৬
আপডেট: মার্চ ১৬, ২০২৬
প্রকাশিত : মার্চ ১৬, ২০২৬

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীর গায়ে আগুন, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরীর মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া এলাকায় ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া ৪ নম্বর ওয়ার্ডের দিনমজুর নজরুল হাওলাদারের মেয়ে রাইসা আক্তার (১০) কে দীর্ঘদিন ধরে একই এলাকার জালাল শিকদারের ছেলে সিফাত শিকদার (১৫) বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

রবিবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে রাইসা আক্তার একা রাস্তায় যাওয়ার সময় সিফাত শিকদার তাকে পথরোধ করে। এ সময় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার শরীরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

ঘটনার সময় পাশের বাড়ির বাসিন্দা তসলিম বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে গুরুতর দগ্ধ অবস্থায় রাইসা আক্তারকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানোর পরামর্শ দেন। তবে হাসপাতালে ভর্তির কিছু সময় পরই চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১০টার পর রাইসা আক্তার মারা যায়।
এদিকে রাতেই গায়ে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে রাইসা আক্তার তার জবানবন্দিতে সিফাতকে অভিযুক্ত করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে রাইসা আক্তারের বাবা নজরুল ইসলামের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি মেয়েকে হারানোর শোকে অসুস্থ হয়ে পড়ায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত সিফাত শিকদারের বাবা জালাল শিকদার বলেন, ঘটনার সময় তার ছেলে নদীর পাড়ে গোসল করতে গিয়েছিল। পরে তিনি শুনেছেন, রাইসা আগুনে দগ্ধ হয়েছে। ঘটনার সঙ্গে তার ছেলে জড়িত নয় বলে তিনি দাবি করেন।

এ ঘটনার পর এলাকায় চরম শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram