

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জেলার সার্বিক পরিস্থিতি ও ভোটের হার তুলে ধরেন সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি)।
পুলিশ সুপারের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জেলার সাতটি উপজেলায় গড়ে ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত। পুলিশ সুপার জানান, সকাল ৭:৩০ মিনিট থেকে শুরু হয়ে বিকাল ৪:৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা থাকায় জেলার কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পুলিশ সুপারের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো ভোটের হার কলারোয়া: ৮১.৮৯% (জেলায় সর্বোচ্চ), তালা: ৭৫%, দেবহাটা: ৭২.৫০%, কালীগঞ্জ: ৭১.৯৮%, সাতক্ষীরা সদর: ৭০.৯৩%, আশাশুনি: ৬৮.৭৮% ও শ্যামনগর: ৬৮%।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, “সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে কলারোয়া ও তালা উপজেলায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মুগ্ধ করেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পেরেছেন। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, আনসার ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন ছিল।”
তিনি আরও যোগ করেন যে, ভোটগ্রহণ পরবর্তী সময়ে কোনো ধরনের সহিংসতা রোধে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং ফলাফল ঘোষণা পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।
সাতক্ষীরার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত ফলাফল সংকলনের কাজ চলছে। তবে প্রাথমিক এই পরিসংখ্যান অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটারের উপস্থিতি বিগত সময়ের তুলনায় বেশ ইতিবাচক।

