ঢাকা
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩৩
প্রকাশিত : আগস্ট ২৯, ২০২৫
আপডেট: আগস্ট ২৯, ২০২৫
প্রকাশিত : আগস্ট ২৯, ২০২৫

টকশোতে প্রশ্নকর্তাকে ‘শিবির ট্যাগ’, তীব্র সমালোচনায় মায়েদ

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে এক টেলিভিশন টকশোতে প্রশ্নকর্তা শিক্ষার্থীকে ‘শিবির ট্যাগ’ দিয়ে সমালোচনার মুখে পড়েছেন ছাত্রদল মনোনীত এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ। তবে একই ঘটনায় প্রতিবাদ করে শিক্ষার্থীদের প্রশংসা কুড়িয়েছেন স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিবুল ইসলাম।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় অনুষ্ঠিত যমুনা টেলিভিশনের একটি টকশোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।

ভিডিওতে দেখা যায়, প্রশ্নোত্তর পর্বে দর্শক সারির মাসুম নামের এক শিক্ষার্থী মায়েদকে প্রশ্ন করেন— “ডাকসু প্রতিবছর হওয়া আমাদের মৌলিক অধিকার। অথচ আপনারা ৯০-এর ডাকসুকে সুশাসনের ডাকাতের কবলে অভিহিত করতেন। ৯০ পরবর্তী সময়ে আপনারাই দীর্ঘ ২৮ বছর ডাকসু নির্বাচন বন্ধ রেখেছিলেন। এবারও জয়ী হলে কি একই অবস্থা চলবে? এবং গণরুম ও গেস্টরুম প্রথা আবার চালু করবেন কি না?”

এই প্রশ্নের জবাবে মায়েদ বলেন— “আপনি যদি সাধারণ শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আমি দুঃখিত। তবে আমার ধারণা, আপনি শিবির কর্মী। আর সেই কারণেই শিবিরের ন্যারেটিভ ব্যবহার করেছেন।”

এমন মন্তব্যের পর উপস্থিত শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে। বিশেষত স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিবুল ইসলাম তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করে বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল আজ বিশ্ববিদ্যালয়ে অফিশিয়ালি ট্যাগিং কালচারের সূচনা করেছে। আপনারা যদি নির্বাচিত হয়ে যান, মতবিরোধ হলেই এভাবে ট্যাগিং করবেন? এ ধরণের ফ্যাসিবাদী চরিত্র আমরা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে দেব না।”

হাসিবুল ইসলামের এই সরব অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক সাড়া ফেলে। অনেক শিক্ষার্থী তার স্পষ্টভাষী প্রতিবাদকে সাহসী উদ্যোগ হিসেবে আখ্যা দেন। অন্যদিকে, টকশোতে উপস্থিত স্বতন্ত্র এজিএস প্রার্থী তাহমিদ আল মুদাসসির বলেন, “মায়েদ যখন ট্যাগিং করে তখন আমি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মাইক অফ ছিল। হাসিব পাশে থাকায় ক্যামেরা ফোকাসেও ছিল, সরাসরি প্রতিবাদ করতে পেরেছে। হ্যাটস অফ টু হিম। আমি সবসময় ট্যাগিং কালচারের বিপক্ষে।”

টকশোর এই ঘটনাকে কেন্দ্র করে ডাকসু নির্বাচনকে ঘিরে ‘ট্যাগিং কালচার’ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram