ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:১৪
প্রকাশিত : আগস্ট ২৮, ২০২৫
আপডেট: আগস্ট ২৮, ২০২৫
প্রকাশিত : আগস্ট ২৮, ২০২৫

যশোর শিক্ষাবোর্ডের চেক দুর্নীতি মামলার প্রধান আসামি সালাম গ্রেফতার

শহিদ জয়, যশোর: যশোর শিক্ষাবোর্ডের ৭ কোটি টাকার চেক দুর্নীতি মামলার প্রধান আসামি সাবেক সহকারী হিসাবরক্ষক আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে যশোর উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রায় চার বছর ধরে আব্দুস সালাম পলাতক ছিলেন।

আলোচিত এ দুর্নীতি মামলার তথ্য অনুযায়ী জানা যায়, ২০২১ সালের অক্টোবর মাসে যশোর শিক্ষাবোর্ডের অভ্যন্তরীণ অনুসন্ধানে ৯টি চেক ঘষামাজা করে আড়াই কোটি টাকা আত্মসাতের প্রমাণ মেলে। এরপর তদন্তের পরিধি বাড়ালে মোট ৩৮টি চেক ঘষামাজা করে পৌনে ৭ কোটি টাকা আত্মসাতের প্রমাণ মেলে। এ ঘটনায় তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় শিক্ষাবোর্ডের তৎকালীন চেয়ারম্যান, সচিব ও সহকারী হিসাব রক্ষক আব্দুস সালাম, ঠিকাদার ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিকসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের তৎকালীন উপ-পরিচালক আল-আমিন ২০২৪ সালের ১৬ অক্টোবর ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

আসামিরা হলেন, যশোর শিক্ষাবোর্ডের বরখাস্তকৃত হিসাব সহকারী আব্দুস সালাম, ঠিকাদার ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক শরিফুল ইসলাম বাবু, শেখহাটি জামরুলতলা এলাকার বাসিন্দা আশরাফুল আলম, পোস্ট অফিসপাড়ার গাজী নূর ইসলাম, বড় বাজার জামে মসজিদ লেনের প্রত্যাশা প্রিন্টিং প্রেসের মালিক রুপালী খাতুন, উপশহর ই-ব্লকের সহিদুল ইসলাম, রকিব মোস্তফা, শিক্ষা বোর্ডের সহকারী মূল্যায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, নিম্নমান সহকারী জুলফিকার আলী, চেক ডেসপাসকারী মিজানুর রহমান ও কবির হোসেন। তবে চার্জশিটে বোর্ডের চেয়ারম্যান ও সচিবকে অব্যাহতি দেয়া হয়।

চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এ মামলার চার্জশিট গ্রহণ করেন আদালত। এরপর অভিযুক্ত ১১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। মামলার সকল আসামি ২০২১ সাল থেকে পলাতক জীবনযাপন করছেন। দীর্ঘদিনের পলাতক জীবন থেকে বাড়িতে ফিরতেই গ্রেফতার হন মামলার প্রধান আসামি সহকারী হিসাবরক্ষক আব্দুস সালাম।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, আব্দুস সালাম যশোর শিক্ষাবোর্ডের চেক জালিয়াতির ঘটনায় দায়ের করা স্পেশাল ৯/২৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন পলাতক জীবনযাপন করছিলেন। হঠাৎ তাকে নিজ বাড়ি এলাকায় দেখা যায়। গোপন সংবাদের ভিত্তিতে উপশহর ফাঁড়ি পুলিশ গতকাল বুধবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram