

পাকিস্তানের ইসলামাবাদে ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিদের বৈঠক। কোনো শান্তি বা সমঝোতা চুক্তি ছড়াই ফিরে যাচ্ছেন দুই দেশের প্রতিনিধিরা। তবে আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার অজুহাত খুঁজছিল যুক্তরাষ্ট্র— এমন দাবি ইরানের।
ইরানি প্রতিনিধি দলের সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদামাধ্যম ফার্স নিউজ জানিয়েছে এমন তথ্য।
প্রতিবেদনের তথ্যানু্যায়ী, হরমুজ প্রণালি, পরমাণু প্রকল্পসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের প্রতিনিধিদের মত পার্থক্যের কারণেই ব্যর্থ হয়েছে বৈঠক।
আরও বলা হয়, যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার পর মুখ রক্ষার প্রয়োজনে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। হামলা চালিয়ে যা অর্জন করতে পারেনি, আলোচনার টেবিলে তা পেতে চেয়েছিলো। যুক্তরাষ্ট্রের দাবিকে বাড়াবাড়ি আখ্যাও দেন তারা। জানান- হরমুজ প্রণালি, পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন ইস্যুতে উচ্চাভিলাষী শর্ত দিয়েছে ওয়াশিংটন। যা প্রত্যাখান করেছে তেহরান।
পরে, যুক্তরাষ্ট্রের সাথে কথা বলার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তেহরানের আলোচক দলের কয়েকজন প্রতিনিধি।
উল্লেখ্য, সংলাপ ও কূটনৈতিক পন্থায় উত্তেজনা প্রশমনের জন্য গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। তারই ধারাবাহিকতায় গতকাল ১১ এপ্রিল সংলাপে বসেছিলেন দুই দেশের সরকারি প্রতিনিধিরা। তবে দীর্ঘ আলোচনার পরও আসেনি কোনো সমঝোতা।

