

কিছুক্ষণ আগে ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্র বোমা হামলা চালিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার উদ্দেশে এয়ার ফোর্স ওয়ানে ওঠার কিছুক্ষণ পর ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এমনটাই দাবি করেছেন।
ট্রাম্প লিখেছেন, কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বোমা হামলা চালিয়েছে। ইরানের ‘মুকুটের মণি’ হিসেবে পরিচিত খারগ দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।
তিনি আরও বলেন, দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে ইরান বা অন্য কেউ হরমুজ প্রণালীর মধ্য দিয়ে জাহাজ চলাচলের মুক্ত ও নিরাপদ পথ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে আমি অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবো।
এছাড়াও ট্রাম্প ইরানকে অস্ত্র সমর্পণ করার আহ্বান জানিয়ে বলেন, তাদের দেশের যা অবশিষ্ট আছে, যা খুব বেশি নয় সেটুকু বাঁচাতে এখনই অস্ত্র সমর্পণ করতে হবে
প্রায় পাঁচ মাইল দৈর্ঘ্যর খারগ দ্বীপটি ইরানের উপকূল থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে অবস্থিত। এটিকে ইরানের ‘তেলের লাইফলাইন’ হিসেবে বিবেচনা করা হয়। তবে দ্বীপটিতে খুব বেশি বাসিন্দা না থাকলেও, দেশটির রফতানিযোগ্য অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশ এখান দিয়েই পরিবাহিত হয়। বড় বড় তেলবাহী ট্যাংকার প্রথমে তেল নিয়ে এই দ্বীপে আসে, তারপর পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী হয়ে বিভিন্ন দেশে যায়। এরমধ্যে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীনও রয়েছে।
কিন্তু এই দ্বীপে প্রবেশ বা ব্যবহার বন্ধ হয়ে যায়, তাহলে তা ইসলামী প্রজাতন্ত্র ইরানের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
সূত্র: বিবিসি

