

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বাহিনী ইরানের নৌবাহিনীর অন্তত ৯টি জাহাজ ধ্বংস ও ডুবিয়ে দিয়েছে।
রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের তুলনামূলকভাবে বড় ও গুরুত্বপূর্ণ কয়েকটি নৌযান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে এবং সাগরে ডুবিয়ে দিয়েছে। তিনি আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের নৌবাহিনীর সদরদপ্তরও অনেকাংশে ধ্বংস করে দিয়েছে।
ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্র এখন ইরানের নৌবহরের বাকি অংশের দিকেও নজর দিয়েছে। খুব শিগগিরই তারা সমুদ্রের তলদেশে ভাসবে।’
পাশাপাশি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে পোস্টের শেষে ট্রাম্প লেখেন, ‘এ ছাড়া তাদের নৌবাহিনী খুব ভালোই করছে!’
উল্লেখ্য, ট্রাম্পের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

