

তেল পরিবহনের অত্যন্ত গুরত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হচ্ছে। ভিএইচএফ বেতার বার্তার মাধ্যমে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) থেকে জাহাজগুলোকে জানানো হচ্ছে যে, 'হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।'
দেশটিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা শুরু করার পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন অ্যাসপিডেস–এর এক কর্মকর্তা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে দেওয়া বক্তব্যে ওই কর্মকর্তা বলেন, বিভিন্ন বাণিজ্যিক ও বেসামরিক জাহাজ এ ধরনের বার্তা পেয়েছে বলে মিশনের কাছে তথ্য রয়েছে।
তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো নির্দেশনা জারির বিষয়টি নিশ্চিত করেনি।
এদিকে, আইআরজিসি এর সাথে সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সির বরাতে বিবিসি তাদের প্রতিবেদনে বলেছে, কৌশলগত গুরুত্বের কথা চিন্তা করেই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত।
তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আইআরজিসির পক্ষ থেকে জাহাজগুলোকে বার্তা পাঠানো হয়েছে যে, কোনো ধরনের জাহাজকে নতুন করে প্রণালীটি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না।
তেল রফতানির জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হলো হরমুজ প্রণালী। এটি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সবচেয়ে বড় তেল উৎপাদনকারীদের জন্য তেল রফতানির পথ। এখান দিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় তেল পাঠায় সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত।
সরু এ সামুদ্রিক পথটি ওমান উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে।
ইরান দীর্ঘ সময় ধরে বলে আসছে, যদি তাদের ওপর কোনো ধরনের হামলা হয়, তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে।

