

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি নেতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে অন্তত ১৫০ জনের বেশি সমর্থককে আটক করেছে পুলিশ। ইমরান খানের গ্রেপ্তারের দ্বিতীয় বর্ষপূর্তিকে কেন্দ্র করে মঙ্গলবার সারাদেশে ছড়িয়ে পড়ে বিক্ষোভ, যা দমন করতে এই ধরপাকড় চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর দিয়েছে রয়টার্স।
পুলিশ ও সরকারি কর্মকর্তারা জানান, মঙ্গলবার (৫ আগস্ট) গভীর রাত থেকে ভোর পর্যন্ত অন্তত ১২০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়। এর বাইরে পাঞ্জাব প্রদেশের লাহোর শহর থেকে আরও অনেককেই গ্রেফতার করা হয়েছে।
লাহোরে একটি আদালতের সামনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রায় ২০০ সমর্থক 'ইমরান খানের মুক্তি চাই'—এই স্লোগানে বিক্ষোভে অংশ নেন। শহরের অন্যান্য অংশেও ছোট ছোট দলগুলোর ব্যানারে বিক্ষোভ দেখা গেছে।
পুলিশের উপ-মহাপরিদর্শক ফয়সাল কামরান রয়টার্সকে জানান, রাস্তাঘাট অবরোধের চেষ্টাকালে ৩৬ জন পিটিআই কর্মীকে গ্রেপ্তার করা হয়।
পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারির দাবি, শুধু লাহোর শহর থেকেই পুলিশ দুই শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে।
পিটিআইয়ের মিডিয়া উইং থেকে প্রকাশিত একাধিক ভিডিওতে দেশব্যাপী বিক্ষোভের দৃশ্য তুলে ধরা হয়েছে। যদিও রয়টার্স স্বাধীনভাবে সেসব ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।
এদিকে, পাঞ্জাব প্রদেশের আঞ্চলিক সরকারের মুখপাত্র উঝমা বুখারি পিটিআইকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করেছেন। তবে এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে পিটিআইয়ের পক্ষ থেকে।

