ঢাকা
প্রকাশিত : October 4, 2026
আপডেট: October 4, 2026
প্রকাশিত : October 4, 2026

ঢা‌বির ‘ইন্টারন্যাশনাল হল’ প্রশাসন‌কে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢা‌বি) স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলের ক্যান্টিন ছাড়তে বলায় হল প্রশাসনের শিক্ষক-কর্মকর্তাদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তনুজা মৌসুমী না‌মে এক নারীর বিরু‌দ্ধে। এ ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই হলেরই এক কর্মকর্তা। গত ২৯ সেপ্টেম্বর হলের পক্ষ থেকে মো. আবদুল হাই নামের ওই কর্মকর্তা জিডিটি করেন।

জিডিতে তিনি বলেন, ২০২৫ সালের এপ্রিল মাসে তনুজা মৌসুমীকে স্যার পি জে হার্টগ হলের ক্যান্টিন মৌখিকভাবে পরিচালনার অনুমতি দেওয়া হয়। এরপর ক্যান্টিন সংস্কারের জন্য তাকে দফায় দফায় অর্থ দেওয়া হয়। তবে সে অনুযায়ী কাজ না হওয়ায় পরে পেশাদার একটি অ্যাসেট ইভালুয়েশন কোম্পানির মাধ্যমে কাজের মূল্যায়ন করা হয়।

জিডিতে বলা হয়, ওই কোম্পানির প্রতিবেদনে কয়েক লাখ টাকার কাজ না করেই অর্থ নেওয়ার বিষয়টি উঠে আসে। এরপর ওই অর্থ ফেরত দেওয়ার জন্য তনুজা মৌসুমীকে একাধিকবার তাগাদা দেওয়া হলেও তিনি তা ফেরত দেননি বলে অভিযোগ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর থেকে তিনি ক্যান্টিন পরিচালনা শুরু করলেও হলকে কোনো ভাড়া প্রদান করেননি। এ বিষয়ে হল প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার আলোচনা করে নির্দিষ্ট পরিমাণ ভাড়া দেওয়ার জন্য তাকে বলা হলেও তিনি তাতে সাড়া দেননি। এছাড়া ক্যান্টিনের খাবারের মান ও সেবা নিয়েও শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত মৌখিক ও লিখিত অভিযোগ আসছিল। এসব কারণে হল প্রশাসন তাকে ১ অক্টোবর ক্যান্টিনটি ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।

জিডিতে আরো বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে ক্যান্টিন ছাড়ার নোটিশের বিষয়ে জানার পর তনুজা মৌসুমী একজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে হলের শিক্ষক-কর্মকর্তাদের সামনে উপস্থিত হন। এ সময় তিনি ক্যান্টিন ছাড়বেন না বলে জানান এবং হল প্রশাসনকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে গেলে হল প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় হলের শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলেও জিডিতে উল্লেখ করেন এই কর্মকর্তা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাউসার বলেন, ‘গত বছরের এপ্রিল মাসে আমরা তাকে মৌখিকভাবে ক্যান্টিন পরিচালনার অনুমতি দিই। এ লক্ষ্যে ক্যান্টিন সংস্কারের জন্য বিভিন্ন সময়ে প্রশাসনের পক্ষ থেকে তাকে টাকা দেওয়া হয়। কিন্তু তিনি পুরো কাজে গাফিলতি করেছেন। পরবর্তী সময়ে পেশাদার অ্যাসেট ইভ্যালুয়েশন করিয়ে আমরা তার কাজের হিসাবে অমিল পাই। সংস্কার বাবদ দেওয়া টাকা ফেরত চাইলেও তিনি তা ফেরত দেননি।’

তিনি বলেন, ‘এ ছাড়া ক্যান্টিনের বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহল থেকে অভিযোগ পাওয়া যায়। সার্বিক বিষয় পর্যালোচনা করে এ বছরের ১ অক্টোবর তাকে ক্যান্টিন ছেড়ে দিতে বলা হয়। কিন্তু এরপর তিনি হল প্রশাসন ও কর্মকর্তাদের প্রাণনাশের হুমকি দেন। এ-সংক্রান্ত ভিডিও ফুটেজও আমাদের কাছে রয়েছে।’

অধ্যাপক আবুল কাউসার আরও বলেন, ‘বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানানো হলে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যারকেও অবহিত করা হয়েছে।’

শাহবাগ থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান বলেন, ‘আমরা জিডিটির কপিটি পেয়েছি। ইতোমধ্যেই তথ্য উপাত্ত সংগ্রহের কাজ শুরু করেছি। বিস্তারিত আইও র থেকে জেনে জানাতে পারব।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম ওবাইদুল ইসলাম বলেন, ‘আমি বিষয়টা সম্পর্কে অবগত আছি। তবে এটি হলের অভ্যন্তরীণ বিষয়, হল প্রশাসন দেখবে। উনাকে পরীক্ষামূলকভাবে ক্যান্টিন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। ভালো করে তাকে পার্মানেন্ট করে নেওয়া হবে জানানো হয়েছিল। কিন্তু উনিই ওই ক্যান্টিনকে নিজের ভাবতে শুরু করেছেন। বরং প্রোভোস্টকে ও প্রশাসনিক কর্মকর্তাকে হুমকি দিয়েছে। এটা মানহানিকর। এক্ষেত্রে তারা আক্রান্ত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনি পদক্ষেপ নেবে।’

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram