ঢাকা
প্রকাশিত : October 7, 2026
আপডেট: October 7, 2026
প্রকাশিত : October 7, 2026

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা দেওয়ার ঘটনায় যুবক আটক

এসআই মল্লিক, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা দেওয়ার ঘটনায় আব্দুর রহমান ওরফে সম্রাট (৩০) নামের এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করা হয়েছে বলে দাবি পুলিশের।

আব্দুর রহমান ঝিনাইদহ সদর পৌর এলাকার কাঞ্চননগর পাড়ার মৃত শাহাদাৎ হোসেনের ছেলে। মঙ্গলবার (৬ অক্টবর) রাত সাড়ে আটটার দিকে কাঞ্চননগর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

বুধবার বেলা ১২ টার দিকে আব্দুর রহমানের বাড়িতে গিয়ে দেখা গেছে গেটে তালা ঝুলছে। স্থানীয়রা বলেন, তার পরিবারের সবাই সকালে থানাতে গেছেন।

আব্দুর রহমানের প্রতিবেশীরা জানান, আব্দুর রহমানের বাবা অনেক আগে মারা গেছেন। তাঁর মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। সম্রাট আগে শহরের একটি রেস্টুরেন্টে রাঁধুনির কাজ করতেন। পরে জোহান পার্কেও কিছুদিন কাজ করেছেন। বর্তমানে তিনি বাড়িতে থাকতেন। মাঝেমধ্যে ভ্যানগাড়িতে করে শহরে ঝালমুড়ি বিক্রি করতেন। গতকাল রাতে পুলিশ এসে ধরে নিয়ে যায়।

তবে সম্রাটের স্ত্রী মোছা. আসমা খাতুন মোবাইলে জানান, ঘটনার বিষয়ে তিনি কিছু জানতেন না। সন্ধ্যার দিকে পুলিশ তাঁদের বাড়িতে এসে জানায়, সম্রাট হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা দিয়েছে। এরপর পুলিশ তাঁকে ধরে নিয়ে যায়। আমরা এখন সদর থানাতে বসে আছি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ঘটনার পর থেকেই জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য অভিযান শুরু করে পুলিশ। পরে কাঞ্চননগর এলাকা থেকে আব্দুর রহমানকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাঁকে শনাক্ত করা হয়েছে বলে জানান।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আব্দুর রহমানকে গতকাল রাতে আটক করা হয়েছে। তাঁকে ৫৪ ধারায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram