

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ। বুধবার সকাল ৯টার দিকে কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে মাছটি ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়।
কুয়াকাটা মা মনি ফিসের ম্যানেজার মিজান নিলামে মাছটি ক্রয় করেন। তিনি জানান, এত বড় ইলিশ এখন বাজারে খুব কম দেখা যায়। মাছটি শরীয়তপুরের এক প্রবাসীর ভাইয়ের বাসায় পাঠানো হবে।
জেলে সোহরাফ গাজী বলেন, “আমি ১০ বছর ধরে গভীর সমুদ্রে ইলিশ ধরি। গতকাল পাইপ বয়ার সংলগ্ন এলাকায় জাল তুলতেই এই বড় ইলিশটি উঠে আসে। প্রায় সাত বছর পর এত বড় মাছ পেলাম। নিলামে ডাকের মাধ্যমে প্রতি মণ ১ লাখ ৪৫ হাজার টাকা দরে মাছটির দাম নির্ধারণ হয়। ফলে প্রতি কেজি দাঁড়ায় ৭ হাজার ২০০ টাকা।
স্থানীয় বাসিন্দা ইদ্রিস হাওলাদার বলেন, ৩-৪ হাজার টাকা কেজি দরে ইলিশ কেনা আমাদের মতো নিম্ন আয়ের মানুষের পক্ষে সম্ভব নয়। আগে বছরে অন্তত একবার ঘরে ইলিশ উঠত, এখন সেটা স্বপ্ন হয়ে গেছে।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, এটি অত্যন্ত ভালো খবর। নিষেধাজ্ঞার সুফলও বলা যায়। বড় ইলিশে ফ্যাট বেশি থাকায় এতে ওমেগা-৩ ও ভিটামিন থাকে, যা হৃদরোগ, চোখের সমস্যা ও মস্তিষ্কের জন্য উপকারী। জালের প্রশস্ততা বাড়ালে এমন সাইজের মাছ বেশি ধরা পড়বে।

