

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের হরিনগর গ্রামের বাসিন্দা মিরাশ উদ্দিনের ছেলে খলিল উদ্দিন এবং একই গ্রামের মৃত ইশাদ উল্লাহর ছেলে মো. গোলাম হোসেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন আহমেদ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন আহমেদ বলেন, “এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। একজন প্রেমের সম্পর্কের সূত্র ধরে তরুণীকে ধর্ষণ করেন। অপরজন বিষয়টি দেখে তাকে ধর্ষণ করতে চান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুজন মিলে তরুণীকে হত্যা করেন। এটি অত্যন্ত অমানবিক ও নৃশংস ঘটনা।”
তিনি আরও বলেন, “আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। দুই আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।”
মামলার নথি ও রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী, নবীগঞ্জ উপজেলার ওই তরুণীর সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই গ্রামের বাসিন্দা খলিল উদ্দিনের। ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাতে খলিল ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এ সময় বিষয়টি দেখে ফেলেন গোলাম হোসেন। পরে গোলাম হোসেনও ওই তরুণীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে খলিল উদ্দিন ও গোলাম হোসেন মিলে তরুণীকে হত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে রোববার আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

