ঢাকা
প্রকাশিত : August 31, 2026
আপডেট: August 31, 2026
প্রকাশিত : August 31, 2026

ছাত্রদল নেতা রিপন মন্ডল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর দৌলতদিয়ার ছাত্রদল নেতা, ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মন্ডল (২৩) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদার (৪৫) কে নড়াইল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।

রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি টিম র‍্যাব-৬-এর সহযোগিতায় নড়াইল জেলার সদর থানার কালিয়া রোডের ভবানীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত জামাল পত্তনদার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকার বাসিন্দা হোসেন পত্তনদারের ছেলে।

সোমবার দুপুরে র‍্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার মেজর এমডি ফারহান মাহমুদ মোক্তাদা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর রাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতালয়ের গেটে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিপন মন্ডলকে গুলি করে হত্যা করে জামাল পত্তনদার।

এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার দীর্ঘ বিচার শেষে ২০২৩ সালের ৬ আগস্ট রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত জামালকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।

রায়ের পর থেকেই গ্রেপ্তার এড়াতে সে দীর্ঘদিন ভারতে পলাতক ছিল। পরবর্তীতে ২০২৫ সালের ১০ আগস্ট ভারতের মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দেশটির ক্রাইম ব্রাঞ্চ। কয়েক মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে প্রায় দুই মাস আগে কৌশলে পুশব্যাকের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে সে।

বাংলাদেশে প্রবেশের পর থেকে তার ওপর নজরদারি চালিয়ে আসছিল র‍্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সে পুনরায় কন্ট্রাক্ট কিলিং মিশনে জড়িত হয়ে হত্যাকাণ্ড শেষে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত জামাল পত্তনদার এই হত্যা মামলা ছাড়াও অস্ত্র, মাদক, ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজিসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram