

শহিদ জয়, যশোর: যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল, জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী চক্রান্তের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ সাবেক সংসদ সদস্যসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
৩০ আগস্ট শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিবুল ইসলাম রাজীবকে আটক করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার, কাজী নাবিল আহমেদ, রঞ্জিত রায়, মনিরুল ইসলাম ও ইয়াকুব আলী।
এজাহার সূত্রে জানা যায়, ২৮ আগস্ট সকালে শহরের কাজীপাড়া-কাতালতলা এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ‘জাতীয় শোক দিবস’ লেখা ব্যানার ফেলে পালিয়ে যায়। পুলিশ পরে ব্যানারটি উদ্ধার করে।
মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাবেক জনপ্রতিনিধিসহ স্থানীয় ১১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।

