

কক্সবাজারের চকরিয়ায় নিখোঁজের পর সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ফজুমিয়াজিরচর এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম ওয়াহিদুল ইসলাম (৭)। সে মাইজপাড়া গ্রামের মো. তৌহিদুল ইসলাম লিটনের ছেলে।
পরিবারের অভিযোগ, শিশুটিকে বলাৎকারের পর হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়েছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরে আজ সকালে স্থানীয়রা খালে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
দুপুরে চকরিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

