

আজিজ আহমেদ, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে অত্র এজেন্ট ব্যাংকের সামনে ভুক্তভোগী গ্রাহকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রাহকরা অভিযোগ করেন, গোপালপুর বাজারে পরিচালিত ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের মালিক ইশফাক ইয়াছিন বিভিন্ন সময়ে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করে প্রায় ২ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে চলে গেছেন। এতে শতাধিক গ্রাহক তাদের কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন।
মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, অনেকেই বিদেশগমন, ব্যবসা-বাণিজ্য ও পারিবারিক প্রয়োজনের জন্য জমানো অর্থ এজেন্ট ব্যাংকে জমা রেখেছিলেন। এখন সেই অর্থ ফেরত না পেয়ে তারা আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে তাদের টাকা ফেরত দেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধন চলাকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগমগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর নির্দেশে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ভুক্তভোগী গ্রাহকদের বক্তব্য ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের দুর্ভোগের বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
চন্দ্রগঞ্জ ইসলামী ব্যাংকের অফিসার বেলায়েত হোসেন জানান, অত্র এজেন্ট ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দিতে প্রয়োজনীয় কাগজপত্রসহ আইনিভাবে কাজ করে যাচ্ছেন। যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে এবং তারা এই মুহুর্তে পলাতক আছেন। এরমধ্যে দুইজন দেশের বাহিরে ও একজন দেশের মধ্যেই পলাতক আছেন।
ভুক্তভোগীরা জানান, এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তাই তারা মানববন্ধনের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও গোপালপুর ইউনিয়নের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা কামাল হোসেন সহ নারী-পুরুষসহ বিপুল সংখ্যক ক্ষতিগ্রস্ত গ্রাহক অংশ নেন। তারা অভিযুক্ত ইশফাক ইয়াছিনকে দ্রুত আইনের আওতায় এনে আত্মসাৎকৃত অর্থ উদ্ধার ও ক্ষতিগ্রস্তদের মাঝে ফেরত দেওয়ার জোর দাবি জানান।

