

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২ জন আহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে রাজারহাট উপজেলার ছিনাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে রংপুরগামী দ্রুতগতির একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিক্সার এক যাত্রী নিহত হয়।
নিহত ব্যক্তি সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সলেয়া চৌকিদারের ছেলে সুপারি ব্যবসায়ী আইয়ুব আলী।
দুর্ঘটনায় গুরুতর আহত আরও দুই যাত্রীকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

