ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:১৮
প্রকাশিত : মে ২১, ২০২৬
আপডেট: মে ২১, ২০২৬
প্রকাশিত : মে ২১, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য করায় মহেশখালীতে এনসিপি নেতা আটক

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে উপজেলার ছোট মহেশখালীর সিপাহীর পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটক রফিকুল ইসলাম এনসিপির মহেশখালী উপজেলা কমিটির সদস্য বলে দলীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রফিকুল ইসলাম তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একটি পোস্টে মন্তব্য ও প্রতিক্রিয়া জানান। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সুলতান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে এনসিপি। দলের মহেশখালী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মির্জা তারেক বলেন, ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একটি মন্তব্য বা স্ট্যাটাসে প্রতিক্রিয়া দেওয়ার জেরে রাতে বাসা থেকে রফিকুল ইসলামকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, যা উদ্বেগজনক। তিনি রফিকুল ইসলামের দ্রুত মুক্তি দাবি করেন।

রফিকুল ইসলামের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, সম্প্রতি তিনি ‘জুলাই যোদ্ধা’ নাসিরুদ্দিন পাটোয়ারীর একটি বক্তব্য শেয়ার করে একটি ক্যাপশন লিখেছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে মহেশখালীতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পক্ষের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram