

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি তারেক রহমানসহ দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে জেলা শহরের বাতেন খাঁ মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, চ্যানেল ওয়ান ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ।
হামলার শিকার সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সোয়া ১০টার দিকে নিজ অফিসের কাজ শেষে বাতেন খাঁর মোড়ে বসে চা খাচ্ছিলেন দুই সাংবাদিক। এ সময় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে ৬-৭ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এ সময় তারেক রহমানকে রাস্তায় ফেলে প্রায় ৩০ মিনিট ধরে মারধর করা হয়। তারেক আজিজকে ভাঙ্গা চায়ের কাপ দিয়ে আঘাত করলে তার হাতের আঙুল কেটে যায়। হামলার পর সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন বলেন, ভুক্তভোগী দুই সাংবাদিকের শরীরে আঘাতের চিহ্ন আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
তিনি আরও বলেন, রাব্বির বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

