

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জাহানারা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) সকাল অনুমান ১১টা ২০ মিনিটের দিকে নওগাঁ-নাটোর মহাসড়কের আত্রাই সীমানায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই বৃদ্ধা কবিরাজ দেখানোর উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটো রিকশাযোগে রওনা হন। পথিমধ্যে নওগাঁ-নাটোর মহাসড়কের রানীনগর সংলগ্ন গোনা ব্রিজ পার হয়ে আত্রাই সীমানায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে অটোটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় থানায় একটি (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

