

মোহাম্মদ আরীফুল ইসলাম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি কাঁঠালতলা নামক এলাকায় নিখোঁজের ২৬ দিন পর ৪ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৩ মার্চ) বাড়ির পেছনের টয়লেটের ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে শিশুটির দাদা মরদেহটি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পানির ভেতরে থাকায় মরদেহটি পঁচাগলা অবস্থায় ছিলো।
নিহত শিশু আশরাফুলের বাবা শাহীন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িচালক।
প্রতিবেশী ও স্বজনরা জানান, গত ৫ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মা তাকে ঘরের ভেতরে দোলনায় শুইয়ে রেখে বাড়ির আঙ্গিনা ঝাড়ু দিতে যান। কিছুক্ষণ পর তার বড় ছেলে এসে জানায়, ছোটভাই দোলনায় নেই। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘর ও আশেপাশে খোঁজ করেও শিশুটির সন্ধান পায়নি।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ জানান, নিখোঁজের পর থেকেই তদন্ত চলছিলো। মরদেহ উদ্ধারের পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

