

খালিদ হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ডান্ডাবেড়ি পড়ে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানায়ায় অংশ নিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম জোমাদ্দর (২৫)। তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে আছেন।
গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ছাত্রলীগ নেতা রাকিবুলের বাবা মোশাররফ জোমাদ্দর মারা যান। সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্তানে তার দাফন সম্পন্ন হয়। সেই জানাজায় অংশ নিতেই স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্তি পান জেলে থাকা ছেলে রাকিবুল। পরে জানাজা শেষে রাতে পুলিশি পাহারায় তাঁকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় এক মাস ধরে কারাগারে আছেন রাকিবুল ইসলাম। বাবার মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে প্যারোলের আবেদন করা হয়।

