

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট চিন্তামন থেকে নিজ বাড়ি শালিকাদহ ফেরার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা; এক কাপড়ের ব্যাগের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে রাব্বি এবং মোটরসাইকেল রাইডার সজিব হাসান ঘটনাস্থলেই নিহত হন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর টিএন্ডটি অফিসের সামনে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, দিনাজপুরের বড়ঘাট উপজেলার শালিকাদহ গ্রামের মিজানুর রহমানের ছেলে মোঃ সজিব হাসান (২৫) এবং মোঃ তোহিদুল ইসলামের ছেলে মোঃ ইজারুল ইসলাম রাব্বি (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ সজিব হাসান একজন মোটরসাইকেল রাইডার ছিলেন। তাঁর মোটরসাইকেলের পাশে ঝুলানো একটি কাপড়ের ব্যাগ দুর্ঘটনার মূল কারণ হিসেবে স্থানীয়রা জানিয়েছেন। অন্য মোটরসাইকেলকে ওভারটেক করার সময় ব্যাগটির ভারসাম্যহীনতার কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তায় পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাদের মাথার উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলে তাঁরা মারা যায়।
খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

