

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনেই বিএনপি প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে বেসরকারি ফলাফলে তাদেরকে বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. কেরামত আলী। পোস্টালসহ তিনি মোট পেয়েছেন ২০৬৮৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা শাহ্জাহান মিয়া পেয়েছেন ১৬২৫১৫ ভোট।
নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট তিনটি উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ড. মিজানুর রহমান। তিনি পেয়েছেন ১৭১২২৭। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক কমিটির সহ সম্পাদক আমিনুল ইসলামকে ১৬১০৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ১৫৫১১৯ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল। পোস্টালসহ ১৭৩টি কেন্দ্রে তিনি পেয়েছেন ১৮৯৬৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনত প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হারুনুর রশীদ পেয়েছেন ১২৭০৩৭ ভোট।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ জানান, দিনব্যাপী সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটারদের উপস্থিতিও ভালো ছিল।
এদিকে তিনটি সংসদীয় আসনেই বিজয়ী জামায়াতের প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে এনসিপি বিজয় মিছিল বের করে গভীর রাতে।

