

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সবগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা শেষে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হয়েছে।
পোস্টাল ভোট গণনাসহ ১৬২টি ভোট কেন্দ্রের ফলাফল অনুযায়ী, আবদুল আউয়াল মিন্টু পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী ডা. ফখরুদ্দীন মানিক দাঁড়ি পাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৬৩ ভোট।
এছাড়াও ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে মো. সাইফ উদ্দিন শিপন পেয়েছেন ৬ হাজার ৭০১ ভোট, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মো. আবু সুফিয়ান ১ হাজার ৪২৭ ভোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের মই প্রতীকে আবদুল মালেক পেয়েছেন ৭৩১ ভোট, ইনমানিয়াত বিপ্লব বাংলাদেশ মো. হাসান আহমদ আপেল প্রতীকে পেয়েছেন ৩২৭ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকে খালেদুজ্জামান চৌধুরী পেয়েছেন ৩২০ ভোট এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ'র মো. আবু নাছির চেয়ার প্রতীকে পেয়েছেন ৫৩১ ভোট।
দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৮ হাজার ১৯২ জন। ২ লাখ ৮২ হাজার ৯০০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে বৈধ ভোট ছিল ২ লাখ ৭৫ হাজার ৬২২টি এবং বাতিলকৃত ভোট ছিল ৭ হাজার ২৭৮টি। নজিরবিহীন নিরাপত্তা ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এ নির্বাচনে ভোটার ও প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।

