

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী জসিম উদ্দীন। এ আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ ঘোষণা দেন।
ভোট কারচুপির অভিযোগ এনে ফেসবুক লাইভে এসে জসিম উদ্দিন বলেন, কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতাই, নেতাকর্মীদের মারধর করা হয়েছে। অনেককে রক্তাক্ত ও বের করে দেয়া হয়েছে। অনেকের বাড়ি-বাড়ি গিয়ে হুমকির অভিযোগও তুলেছেন তিনি।
গণঅধিকার পরিষদের এ প্রার্থী অভিযোগ করেন, টাকা দিয়ে ভোট কিনেছে। আজ তারা নিজেরা নিজেরা ভোট কাটছে।
এমন পরিস্থিতিতে জনগণের সার্বিক দিক বিবেচনা করে তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
এর আগে, ঋণখেলাপি হওয়ার অভিযোগে কুমিল্লা–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হয়। পরে দলটি কার্যত প্রার্থীশূন্য হয়ে পড়ে। এ অবস্থায় জোটগত সিদ্ধান্ত অনুযায়ী, ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থনের নির্দেশ দেয়া হয়। পরে বিএনপির নেতাকর্মীরা জসিমের পক্ষে মাঠে নামেন।

