

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: দীর্ঘ সতেরো বছর পর স্বাধীন ও স্বতস্ফূর্তভাবে ভোটাররা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভোটের দিন ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন ১০৮ বছর বয়সী বিধু রাণী শীল। বয়সের ভার উপেক্ষা করে তিনি কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট প্রদান শেষে বিধু রাণী শীল বলেন, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরে তিনি খুবই খুশি। ভোটকেন্দ্রে আসা কিংবা ভোট দিতে কোথাও কোনো বাধার সম্মুখীন হতে হয়নি বলেও জানান তিনি।
এদিকে ভোটগ্রহণ চলাকালে (দুপুর ২ ঘটিকা) এখন পর্যন্ত বাঁশখালী উপজেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রদীপ কুমার দত্ত জানান, সকাল থেকে ভোটগ্রহণ নিয়মিতভাবে চলছে। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৯৪৭ জন। কালীপুর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের ভোটাররা এখানে ভোট প্রদান করছেন। তিনি আরও জানান, বেলা ২টা পর্যন্ত এ কেন্দ্রে ২ হাজার ৭০০–এর বেশি ভোট কাস্ট হয়েছে। কেন্দ্রে মোট ৮টি বুথে ১৬টি গোপন কক্ষ রয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

