

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: নারীদের জন্য দলের পরিকল্পনা তুলে ধরে জামায়াত আমির বলেন, যে মায়েরা কাজ করেন তাদের সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টার করা হবে। শ্রমিক না চাওয়ার আগেই তার অধিকার পৌঁছে দিতে হবে। ঘাম শুকানোর আগেই পাওনা পরিশোধ করা হবে।জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে একটার সময় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
জুলাই আন্দোলনের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘যারা আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যেই আকআঙ্খা ধারণ করে জুলাই আন্দোলন হয়েছে, সেই আকাঙ্খাকে বাস্তবায়ন করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমরা তা করব।’
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে বিশেষ উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়।’নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভাস্থল প্রধান অতিথি আসার আগের কানায় কানায় ভর্তি হয়ে যায়। জেলা জামায়াতের জনসভাটি এক পর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়।
জেলা জামায়াতের আমীর আবুজার গিফারীর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান আরো বলেন, ‘আমরা নিজেরা কেউ দুর্নীতি করব না এবং অন্য কারও দুর্নীতি সহ্য করব না। এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, যেখানে সবাই নিরাপত্তা পাবে। নিজেদের অধিকার পাবে।’
সমাবেশে তরুণদের উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, ‘এমন শিক্ষা ব্যবস্থা চাই না যা বেকারত্ব তৈরি করে। আমরা কর্মক্ষম নাগরিক গড়ে তুলব। প্রত্যেকটি হাতকে আমরা দক্ষ করে গড়ে তুলব এবং দেশ-বিদেশে তাদের কাজে নিয়োগ করব। এতে শুধু রাষ্ট্র উপকৃত হবে না তাদের পরিবারও উপকৃত হবে।’
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকারি, আধাসরকারি, বেসরকারি সব প্রতিষ্ঠান একই নীতিমালার আওতায় থাকতে হবে।’
নারীদের জন্য দলের পরিকল্পনা তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘যে মায়েরা কাজ করেন তাদের সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টার করা হবে। শ্রমিক না চাওয়ার আগেই তার অধিকার পৌঁছে দিতে হবে। ঘাম শুকানোর আগেই পাওনা পরিশোধ করা হবে।’
শেষে কেন্দ্রীয় আমির চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াত প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের জামায়াত প্রার্থী মোঃ মিজানুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল এর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে, তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।

