

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বাংলাদেশের কর্মজীবী নারীদের নিয়ে কটূক্তির প্রতিবাদ এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের বিচারের দাবিতে বরিশালের উজিরপুরে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উজিরপুর উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উজিরপুর উপজেলার প্রধান প্রধান সড়কে এই ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের হাজারো নারী অংশগ্রহণ করেন। মিছিলটি পুরো উপজেলা জুড়ে প্রদক্ষিণ করে এবং বিভিন্ন সড়কে প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
মিছিলে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা মহিলা দলের সভাপতি পারুল বেগম, সাধারণ সম্পাদক শিরিন বেগম, পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী বেগম, সাধারণ সম্পাদক মনিরা আক্তার শিখা, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার তারাসহ মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নারীদের নিয়ে যে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য দিয়েছেন, তা বাংলাদেশের নারীদের মর্যাদার ওপর সরাসরি আঘাত। এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তারা মন্তব্য করেন।
এ সময় বিক্ষুব্ধ নারীরা “শফিক তুমি ক্ষমা চাও, নারীরা নয় পতিতা”সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং অবিলম্বে ওই বক্তব্যের জন্য ডা. শফিকুর রহমানের বিচার দাবি করেন। স্লোগানে স্লোগানে পুরো উজিরপুর উপজেলা উত্তাল হয়ে ওঠে।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। নারীদের সম্মান ও অধিকার রক্ষায় তারা রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

