

শাজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আপন দুই খালাতো ভাই মোটরসাইকেল যোগে কক্সবাজার যাওয়ার পথে কুমিল্লার ময়নামতি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহতরা হচ্ছেন আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্রামের রফিকের ছেলে আরিফ এবং দরিয়াবাদ গ্রামের মৃত জব্বারের ছেলে মিজান।
স্বজনরা জানান, শুক্রবার সকালে মোটরসাইকেল যোগে আপন দুই খালাতো ভাই আরিফ (৩২) এবং মিজান (৩৫) কক্সবাজার যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম রোডে কুমিল্লার ময়নামতি এলাকায় অজ্ঞাত কোন গাড়ি তাদেরকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের সাথে থাকা মোবাইল এবং আইডি কার্ড দিয়ে তাদের পরিচয় সনাক্ত করে স্বজনদের কাছে ফোন দিয়ে মৃত্যুর খবর পৌঁছান। খবর পেয়ে আত্মীয়-স্বজন কুমিল্লায় গিয়ে সন্ধ্যায় তাদের মৃতদেহ বাড়িতে নিয়ে আসেন। তাদের দুজনের মৃত্যুর খবর পৌঁছলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। নিহত আরিফ তিন সন্তানের জনক।
কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মুমিন ঘটনা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে দুজনের মৃতদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঘাতক গাড়িটি চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।

