ঢাকা
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:১৫
প্রকাশিত : অক্টোবর ১৯, ২০২৫
আপডেট: অক্টোবর ১৯, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ১৯, ২০২৫

ডেঙ্গুতে ছেলের মৃত্যু, শোকে না ফেরার দেশে মা

মাহমুদুল হাসান, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ছেলের মৃতদেহ দেখে শোক সইতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে। ছেলের মৃতদেহ দেখার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই মায়ের এমন আকস্মিক প্রয়াণ এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত আনছার আলীর ছোট ছেলে আব্দুল আওয়াল (৪১) কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর উপকণ্ঠে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। রোববার সকালে যখন আওয়ালের মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়, তখন মা রেহেলা আক্তার (৬৯) প্রিয় সন্তানের মুখ দেখে কান্নায় ভেঙে পড়েন। কিছুক্ষণ পরই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার আগেই বাড়িতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান রেহেলা আক্তার।

আওয়াল সম্পর্কে প্রতিবেশীরা জানান, তিনি ছিলেন ভদ্র, পরিশ্রমী ও সবার প্রিয় মানুষ। স্থানীয় বাজারে একটি ওষুধের দোকান চালাতেন। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট। রেখে গেছেন এক ছেলে ও এক মেয়ে। এক প্রতিবেশী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলের মরদেহ ঘরে আনার পর মা কেমন করে কাঁদছিলেন, সেটা মনে পড়লে বুকটা ফেটে যায়। এমন মৃত্যু আমরা জীবনে দেখিনি।

আওয়ালের বড় ভাই, মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছোট ভাইয়ের মৃত্যু আমাদের পরিবারের জন্য ছিল এক গভীর আঘাত। কিন্তু মা যেভাবে শোক সইতে না পেরে চলে গেলেন, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই শোক আমাদের স্তব্ধ করে দিয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram