

মো. হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: রাজধানীর যাত্রাবাড়ীতে রং মিস্ত্রী শেখ বাবুল হোসেন বাবু (৩৫) কে কুপিয়ে হত্যার অন্যতম আসামি মোঃ রাসেল ওরফে চান্দু রাসেল (৩৪) কে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি বাতেনপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ রাসেল ওরফে চান্দু রাসেল শরিয়তপুর জেলার নড়িয়া থানার দুলুখন্ড গ্রামের আমির হোসেনের ছেলে। সে যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় বসবাস করতো।
যাত্রাবাড়ী থানা ও মামলা সূত্রে জানা যায়, গত আগস্ট সকাল অনুমান ০৬.১০টার সময় ভিকটিম শেখ বাবুল হোসেন বাবু (৩৫) কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে, ধলপুর হাসনাহেনা গলির তিন রাস্তার মোড়ে পৌঁছার সঙ্গে সঙ্গে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। মাথা, পেট, বুক, পিঠ ও পায়ে এলোপাতাড়ি কোপানো হয় তাকে। স্থানীয় সিকিউরিটি গার্ড ও এলাকাবাসীর সহায়তায় গুরুতর আহত অবস্থায় ভিকটিম বাবুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ আগস্ট তারিখ সকালে তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার বাবা যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, আসামিদের গ্রেফতারে র্যাব-১০ এর একটি দল, সিনিয়র এএসপি এসএম হাসান সিদ্দিকীর নেতৃত্বে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি বাতেনপাড়ায় অভিযান চালায়। সেখান থেকে মামলার অন্যতম আসামি রাসেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

