

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: সাগরে জেলের জালে ধরা পড়েছে তিন কেজি ওজনের শজারু বা পটকা মাছ। রবিবার সন্ধ্যায় আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের বেল্লাল মাঝি মাছটি কামাল ফিস আড়তে নিয়ে আসে। শুক্রবার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের শেষ বয়ায় বেল্লাল মাঝির জালে ধরা পড়ে মাছটি। কোন ক্রেতা না পাওয়ায় আড়তে মাছটি ফেলে চলে যান ওই জেলে। আলীপুর মৎস্য বাজারে এই প্রথম মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভীড় জমায়।
বেল্লাল মাঝি বলেন, বিভিন্ন মাছের সঙ্গে এ মাছটিও আমার জালে ধরা পড়ে। এর আগে এ ধরণের মাছ আমার জালে ধরা পড়েনি। মনে ভেবেছিলাম এই মাছটি বেশি দামে বিক্রি করতে পারবো। কিন্তু এ মাছের কোন চাহিদা না থাকায় আড়তের সামনে ফেলে রেখে এসেছি।
আড়তের স্বত্বাধিকারী কামাল হোসেন বলেন, মাছটা আমি জীবনে প্রথম দেখলাম। মাছ কেমন যেন ফোলা আর কাঁটাওয়ালা। বলতে গেলে মাছটি ভয়ংকর।
কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বঙ্গোপসাগরে জেলের জালে ধরা মাছটি "পটকা মাছ" (Porcupinefish): এটি Diodontidae পরিবারের একটি মাছ। এর ইংরেজি নাম "porcupinefish" বা "spotted porcupinefish"। এরা নিজেদের শরীরকে ফুলিয়ে বড় করতে পারে এবং শরীরে কাঁটাযুক্ত হওয়ার কারণে শিকারীর হাত থেকে আত্মরক্ষা করে। বাংলাতে এই মাছ "শজারু মাছ" বা "তিলক শজারু পটকা" নামেও পরিচিত।

