

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: এনসিপি’র মার্চ ফর গোপালগঞ্জ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে টুঙ্গিপাড়া থানায় ও সদর থানায় নতুন করে আরো দুইটি মামলা হয়েছে। টুঙ্গিপাড়া থানার এসআই মনির হোসেন বাদী হয়ে মঙ্গলবার (২২ জুলাই) রাতে ৮২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। আর গোপালগঞ্জ সদর থানায় গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার তানিয়া জামান বাদী হয়ে ১৬০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত এক হাজার জনকে আসামি করে ভাংচুরের মামলা করেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ১৬ জুলাই জেলা কারাগারের হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় কারাগারের জেলার তানিয়া জামান বাদী হয়ে ভাংচুরের মামলা করেছেন। এ নিয়ে এ ঘটনায় মামলার সংখ্যা ৮ থেকে বেঁড়ে ১০-এ দাঁড়ালো। এসব মামলায় মোট আসামি করা হয়েছে ৯ হাজার ৮৪৬ জনকে। আর এ পর্যন্ত ৩২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি মো.খোরশেদ আলম জানিয়েছেন, ১৬ জুলাই এনসিপির পদযাত্রা ও পথসভাকে ভন্ডুল করতে টুঙ্গিপাড়ায় টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে, ১৯ জুলাই রাতে নিহত ৪ যুবকের পক্ষে পুলিশ বাদী হয়ে ৪টি হত্যা মামলা দায়ের করেন। নিহত সোহেল রানা পক্ষে গোপালগঞ্জ সদর থানার এসআই আবুল কালাম আজাদ (মামলা নং-১৯), নিহত দীপ্ত সাহার পক্ষে এসআই শামীম হোসেন (মামলা নং-১৮), নিহত ইমন তালুকদারের পক্ষে এসআই শেখ মিজানুর রহমান (মামলা নং-২০) বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। তিনটির প্রত্যেক মামলায় অজ্ঞাত ১৫০০ আসামি করা হয়েছে। অপর মামলাটি রমজান কাজির পক্ষে করেন এসআই মো. আইয়ুব আলী (মামলা নং-১৭) ওই মামলায় অজ্ঞাত ৯০০ জনকে আসামি করা হয়েছে। চারটি হত্যা মামলায় মোট আসামি করা হয়েছে ৫ হাজার ৪শ’ জনকে।
এরও আগে গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়ানোর অভিযোগে মোট চারটি মামলা করা হয়। গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া থানায় মামলা গুলো করে পুলিশ। চারটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৫৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২ হাজার ৬৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ১১ জনকে নতুন গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে বুধবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৩২২ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

