

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় কীর্তুনিয়া ইউসুফ আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক (দপ্তরি) আরিফ হোসেন (৩২) কে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তিনি কীর্তুনিয়া গ্রামের মালেক মিয়ার ছেলে।
রবিবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে বারিষাব ইউনিয়নের কীর্তুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কীর্তুনিয়া ইউসুফ আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, স্কুল চলাকালীন সময়ে আরিফ হোসেন স্কুলের বাইরে যান। কিছুক্ষণ পর জানতে পারি তাকে ছুরিকাঘাত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
বারিষাব ইউনিয়নের স্থানীয় (২নং ওয়ার্ড) ইউপি সদস্য সুলতান উদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, আরিফ হোসেন স্কুলের পাশের একটি দোকানে বসে ছিলেন। এসময় এক দুর্বৃত্ত হঠাৎ করে এসে পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন হামলাকারীকে ধরে পুলিশে সোপর্দ করে।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আল-আমিন হোসেন জানান, আরিফ হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, পুর্ব বিরোধের জেরে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন এবং কি নিয়ে বিরোধে তাকে ছুরিকাঘাত করেছে সে।

