ঢাকা
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৫৯
প্রকাশিত : জুলাই ১৭, ২০২৫
আপডেট: জুলাই ১৭, ২০২৫
প্রকাশিত : জুলাই ১৭, ২০২৫

গোপালগঞ্জে কারফিউের সময় বাড়লো

গোপালগঞ্জে এনসিপির উপর হামলা পরবর্তীতে সংঘর্ষে ৪ জন নিহত, আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান, কারফিউ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় প্রেস ব্রিফিং করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে

অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বিভাগীয় কমিশনার বলেন, এনসিপির উপর যে হামলা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে যারা জড়িয়েছে তারা দুষ্কৃতিকারী। এসব দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।গোপালগঞ্জের মানুষ অনেক শান্তিপ্রিয়, এখানে শুধু গোপালগঞ্জের লোক হামলা করেনি। জেলার বাইরে থেকেও লোক এসেছে, তারা এই জেলার ভিতরেই বিভিন্ন এলাকায় এখনো লুকিয়ে আছে বলে আমাদের কাছে তথ্য আছে। তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

কারফিউ’র বিষয়ে বিভাগীয় কমিশনার বলেন, কারফিউ আগামীকাল (শুক্রবার) ১১ টা পর্যন্ত বলবৎ থাকবে, তিন ঘন্টা শিথিল থাকার পর আবার বেলা ২টা থেকে কারফিউ চলমান থাকবে।

প্রেস ব্রিফিংয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এলছেন, আমাদের কাছে থাকা ইনফরমেশন অনুযায়ী আমাদের প্রস্তুতি ছিল। হামলার পূর্ব-পরিকল্পনার তথ্য ছিলনা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরো অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জের ঘটনায় ৪ জনই নিহত হয়েছে, আইন-শৃঙ্খলা বাহিনীর ১০ সদস্যসহ ৪০/৫০ জন আহত হয়েছে, ২৫ জনের অধিক দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়েছে।

এসময় ঢাকা বিভাগীয়, ঢাকা রেঞ্জের, জেলা প্রশাসন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এদিকে, গোপালগঞ্জে এনসিপি-র পদযাত্রাকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর দিনভর সংঘর্ঘের পর থমথমে অবস্থা বিরাজ করছে। গ্রেপ্তার আতংকে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে কাঁচা বাজার ও ওষুধের দোকান খোলা রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকে পৌরসভার কর্মীরা সড়কে পড়ে থাকা ধ্বংসস্তপ ও ইট পাটকেল সরানোর কাজ করছে। রাস্তায় পড়ে থাকা তোরণের বাঁশ ও পোড়া ময়লা আবর্জনা অপসারণ করা হয়েছে। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী এ কাজ করছেন। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। সেনা সদস্যরা মাঝে মাঝে টহল কার্যক্রম পরিচালনা করেছে।

বুধবার শহর জুড়ে সংঘর্ষের ঘটনায় ৪জন নিহত ও অন্তত শতাধিক মানুষ আহত হয়। এর মধ্যে গুরুতর আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হলেও এখন মাত্র একজন ভর্তি রয়েছে। বাকীরা গ্রেপ্তার এড়াতে অন্যত্র চিকিৎসার জন্য চলে গেছে। অন্যদিকে, বুধবার জেলা প্রশাসন থেকে ঘোষণা করা কারফিউ শুক্রবার বেলা ১১ টা পর্যন্ত বলবৎ থাকবে। ৩ ঘন্টা শিথিল থেকে আবার বেলা ২টা থেকে কারফিউ চলবে।

বুধবারের সংঘর্ষে গুলিতে নিহত দীপ্ত সাহা (২৫), রমজান কাজী (২৪), ইমন তালুকদার (১৮) ও সোহেল রানার লাশ দাফন কাফন ও সৎকার সম্পন্ন করেছে পারিবারিক ভাবে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান জানিয়েছেন, বুধবার সংঘর্ষের সময় ও পরে সেনাবাহিনীর সদস্যরা ২০ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর এদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

প্রসঙ্গত, বুধবার (১৬ জুলাই) দুপুর ২টার পরে এনসিপি তাদের কর্মসূচি শেষ করে যাওয়ার সময় শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে হামলার ঘটনা ঘটে। এরপর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও স্থানীয় জনতা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আইন-শৃঙখলা বাহিনী সংঘর্ষ থামাতে মুহুর্মুহু রাবার বুলেট ও টিয়ারসেল ছুড়ে। মুহর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ সারা শহর জুড়ে ছড়িয়ে পড়ে। ছাত্রলীগ, যুবলীগ ও স্থানীয় জনতা জেলা কারাগারে হামলা করে। তারা কারাগারের প্রধান ফটক ভাঙ্গার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের প্রতিহত করেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে এনসিপির নেতাকর্মীদের একত্রিত করে সেনা পাহারায় বাগেরহাটের প্রবেশদ্বার মোল্লারহাট সেতু পার করে দেন। এরপর, রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ ঘোষণা করে প্রশাসন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram