

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার এখন পর্যন্ত গণভোটের রায় বাস্তবায়ন ও সংস্কার প্রক্রিয়া শুরু করেনি। যদি সংস্কার বাস্তবায়ন না হয়, তাহলে দেশে কোন পরিবর্তন হবে না।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জুলাই পদযাত্রা শেষে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে এক পথসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, 'আমরা মনে করি এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছিলো বাংলাদেশের মানুষের জীবনের পরিবর্তনের জন্য। দেশের মানুষের মধ্যে যে বৈষম্য, সে বৈষম্য যাতে দূর হয়; দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজ দূর হয়ে মানুষের যাতে উন্নয়ন হয়। নির্বাচনে আমরা সংস্কারের পক্ষে ভোট দিয়েছি। বাংলাদেশে ৭০ শতাংশ মানুষ 'হ্যাঁ’র পক্ষে ভোট দিয়েছে। আর সরকার যারা গঠিত হয়েছে তারা মাত্র ৪০ থেকে ৫০ শতাংশ ভোট পেয়েছে। যারা সরকার গঠন করেছে তাদের থেকেও বেশি জনমত হল সংস্কার ও জুলাই সনদের পক্ষে।'
তিনি আরও বলেন, 'সরকার ক্ষমতায় বসে জনগণের এই গণভোটকে অস্বীকৃতি করতে শুরু করেছে। তারা এখন পর্যন্ত গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন করেনি। যদি সংস্কার বাস্তবায়ন না হয়, তাহলে দেশে কোন পরিবর্তন হবে না।'
মওলানা ভাসানী নিয়ে তিনি বলেন, 'মওলানা ভাসানী শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের জন্য রাজনীতি করতেন। আমরা এনসিপি সাধারণ মানুষের কথা বলতে চাই।'
এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, উত্তরাঞ্চলীয় ডেপুটি মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জমান শাওন ও এনসিপির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল প্রমুখ।
এর আগে বিকেলে টাঙ্গাইলের সখীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জুলাই পদযাত্রা অনুষ্ঠানেও বক্তব্য রাখেন নাহিদ ইসলাম।

