ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৩৫
প্রকাশিত : জানুয়ারি ২১, ২০২৬
আপডেট: জানুয়ারি ২১, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ২১, ২০২৬

দেশের পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলুন: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলুন। তিনি বলেন, যেসব বিষয় গণভোটে অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলোতে না বলার কোন কারণ দেখি না। ভোট আপনার অধিকার। এই অধিকার প্রয়োগ করুন।

আজ ফরিদপুর পৌরসভার ভাজনডাঙ্গার মুরাদ সিকদারের বাড়ির উঠানে আসন্ন নির্বাচন ও গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণের জন্য আয়োজিত উঠান বৈঠকে উপদেষ্টা এসব কথা বলেন। এসময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা উপস্থিত ভোটারদের উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে বলেন, ১২ ফেব্রুয়ারি দুইটা ভোট দিতে হবে। একটাতে আপনার এলাকার যোগ্য সংসদ সদস্য নির্বাচন করবেন। মনে রাখবেন, ভোট শুধু অধিকার নয়, ভোট মানে দায়িত্বও। আর এবারের গণভোট মানে দেশের পদ্ধতি বদলের সুযোগ। শুধু ব্যক্তি বদলালে দেশ বদলায় না। পদ্ধতি বদলাতে হবে যাতে যে কেউ ক্ষমতায় আসুক, সে যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে। এমন নেতা নির্বাচন করতে হবে, ভোটে জেতার পর সে যাতে আপনাকে ভুলে না যায়।

উপদেষ্টা গণভোটের প্রস্তাবের বিষয়গুলো উপস্থিত এলাকাবাসীকে বুঝিয়ে বলেন; তিনি বোঝান ক্ষমতার ভারসাম্য রক্ষা, জনগণের ক্ষমতা বাড়াতে, সংসদের নারী নেতৃত্ব বাড়াতে, যোগ্যতার ভিত্তিতে চাকরি পেতে, চাটুকারিতা কমাতে, হ্যাঁ ভোট দিতে হবে। উপদেষ্টা আরো বলেন, আমরা আগেও স্বৈরাচার হটিয়েছিলাম কিন্তু কাজ হয়নি, গণতন্ত্র মুক্তি পায়নি। কারণ পদ্ধতি না বদলালে ব্যক্তি বদলে লাভ নেই। তাই পরিবর্তনের পক্ষে হ্যাঁ বলুন। পরে উপদেষ্টা প্রাণবন্ত পরিবেশে নির্বাচন ও গণভোট বিষয়ে উপস্থিত এলাকাবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

উঠান বৈঠকে উপস্থিত লামিয়া মোর্শেদ বলেন, গণভোটে 'হ্যাঁ' বলতে হবে। না হলে রাষ্ট্রের প্রয়োজনীয় পরিবর্তন এবং সংস্কার আসবে না। এসময় তিনি ভোটের দিন সবাইকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, এবারের গণভোটের বিষয়গুলো আপনাদের জানানোর জন্য আমরা এসেছি; যাতে কোন অস্পষ্টতা না থাকে। কীভাবে ভোট দিবেন সেটাও বোঝানো হচ্ছে। আমরা প্রত্যন্ত অঞ্চলে প্রচারণা চালাচ্ছি। ভোটের দিন আপনারা উৎসবমুখর পরিবেশে সকাল সকাল ভোট দিতে যাবেন।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ, যুগ্ম সচিব মাহফুজা আখতার, উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিনসহ উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং জেলা তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তারা।

জেলা তথ্য অফিস ফরিদপুর আয়োজিত উঠানবৈঠকে বিভিন্ন বয়সী কয়েকশো নারী-পুরুষসহ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram