

কক্সবাজারে শুরু হয়েছে রোহিঙ্গা সংকট নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক অংশীজন সংলাপ। আজ সোমবার (২৫ আগস্ট) সকালে কক্সবাজারের ইনানী সৈকতস্থ হোটেল বে ওয়াচে এ সংলাপের উদ্বোধন করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
‘Stakeholders Dialogue : Take-away to the High-Level Conference on the Rohingya Situation’ শীর্ষক এই সংলাপে বিশ্বের ৪০টিরও বেশি দেশের কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী এবং রোহিঙ্গা প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক মানবিক সংকট। এর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও সমন্বিত ভূমিকা জরুরি। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের ওপর গুরুত্ব আরোপ করেন।

আলোচনায় অংশ নিয়ে রোহিঙ্গা নারী-পুরুষ প্রতিনিধিরা জানান, তারা নিজেদের বাংলাদেশি নয়, বরং রাখাইনের সন্তান হিসেবে পরিচিত করতে চান। তারা বলেন, টেকসই সমাধান ছাড়া ক্যাম্পে মানবেতর জীবন কাটাতে তারা আর রাজি নন। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে জেনোসাইডের দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।
আয়োজকরা জানান, কক্সবাজার সংলাপ থেকে প্রস্তাবিত সুপারিশগুলো আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের রোহিঙ্গা সম্মেলনে উপস্থাপন করা হবে।
আগামীকাল মঙ্গলবার (২৬ আগস্ট) সংলাপের দ্বিতীয় দিনে বিদেশি প্রতিনিধিরা কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। সেখানে তারা প্রত্যক্ষ করবেন শরণার্থীদের জীবনযাত্রা, নিরাপত্তা পরিস্থিতি ও মানবিক সহায়তার অবস্থা।

